গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, অধিকাংশ স্থানে সরবরাহ স্বাভাবিক

১

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)।

গ্রিড বিপর্যয়ের ফলে রাজধানীর বাংলাদেশ ব্যাংক, ট্রাইব্যুনাল, সচিবালয়সহ বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ঢাকার বাইরের কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

পিজিসিবির জরুরি বার্তায় জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনার সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ চলছে। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিভাগটি।

পিজিসিবি জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ করছেন। জাতীয় গ্রিডের সিস্টেম ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.