উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন—উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নূর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।

বিজিবি জানায়, সীমান্তবর্তী আঞ্জুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টন পাওয়া যায়। এসব কার্টন থেকে সর্বমোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ইয়াবার চালানের মূল উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.