মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.