কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১২-৯৫১৬ এবং কাভার্ডভ্যানটির নম্বর চট্টগ্রাম মেট্রো-শ-১১-৪৪৭৪।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মো. ফেরদৌস আলম (৫৫) ও মিপতা (১৭) ঘটনাস্থলেই মারা যান। পরে মাইক্রোবাসের চালক মুন্না (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ মো. মোরশেদ (২২) নামের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও ১১ জন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় যাচাই করছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.