৫ সেপ্টেম্বরের লংমার্চ-সমাবেশ নিয়ে সিএমপি কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

চট্টগ্রাম: ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে ঘিরে সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জামায়াত নেতৃবৃন্দ সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি সম্পন্ন করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.