টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদকবাহী বোট জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মোট ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফ থানাধীন লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে একই দিন ভোর ৫টার দিকে টেকনাফের শাহপরী দ্বীপের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত বোটটি নাফ নদীর তীরে রেখে পালিয়ে যায়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.