Recover your password.
A password will be e-mailed to you.
চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার, বাউন্ডারি প্রাচীরসহ অন্যান্য অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করতে তিনি সর্বাত্মক উদ্যোগ নেবেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহাসান উদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি শিশুর সাফল্যের পেছনে অভিভাবকের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়ির কাজ সম্পন্নে উৎসাহিত করা এবং তাদের শিক্ষার অগ্রগতির প্রতি নিবিড় নজর রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে কোনো ধরনের শিক্ষাগত অবহেলা পরিলক্ষিত হলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নুরুল ইসলাম, আবু মুছা চৌধুরী, বাবুল কন্ট্রাক্টর, কিরণ মজুমদার, ওয়ার্ড প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান, শিবলী মাহমুদ চৌধুরী, রাকিব চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.