আনোয়ারার চায়না ইকোনমিক জোনে অবকাঠামোসহ বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ অবকাঠামোগত বিনিয়োগসহ মোট বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পটিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে অবকাঠামো উন্নয়নসহ সব খাতের বিনিয়োগ হিসাব করলে এর পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও বেশি হবে। এই প্রকল্পে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এর ইতিবাচক প্রভাব শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে পড়বে।

তিনি বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, সিইআইজেড সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশকে বিনিয়োগের জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন উন্মুক্ত রাখা হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু করা হবে এবং অর্জিত মুনাফা ও মূলধন সহজে নিজ দেশে পাঠানোর সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারকে পুনর্গঠন করা হচ্ছে এবং চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। এতে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে এবং দেশীয় বিনিয়োগকারীরাও এসব প্রকল্পে অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

দক্ষ জনবল গড়ে তুলতে আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। তার মতে, এটি শিল্পে প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা, শ্রমিকদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.