চট্টগ্রাম বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারি আটক

চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, গত বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে চোরাচালান কাজে ব্যবহৃত লাইফ বোটটিও।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, আটক ব্যক্তিদের এবং চোরাচালানে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.