শুক্রবার চট্টগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা; দুপুর ২টা থেকে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ

চট্টগ্রাম নগরীতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আগামী শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল সংখ্যক ভক্ত ও পূজারির অংশগ্রহণে নগরীতে তিনটি প্রধান উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রাগুলো তুলসীধাম, নন্দনকানন ও প্রবর্তক এলাকা থেকে শুরু হয়ে নিউমার্কেট, কোতোয়ালী, লালদিঘী, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি, ডিসি হিলসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার দুপুর ২টা থেকে বাদশা মিয়া রোড, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর, নেভাল মোড়, নূর আহমদ সড়ক, এনায়েত বাজার, তিনপোল, নিউমার্কেট, জিপিও মোড়, কোতোয়ালী, লালদিঘী, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, গুডস হিল, গনি বেকারি ও সার্সন রোডসহ মোট ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড ব্লক ও ট্রাফিক ডাইভারশন কার্যকর করা হবে।

এ সময় রথযাত্রার রুটে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই যানবাহনের চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে উল্লিখিত সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সহযোগিতায় ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.