চকবাজারে ডিডিএনে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, চালকসহ আরও ১০ জন গ্রেপ্তার; মোট গ্রেপ্তার ২২

১০

চট্টগ্রাম নগরীর চকবাজারে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযান চালিয়ে হামলাকারীদের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে র‌্যাব-৭ আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৯ জুলাই) চকবাজার থানা পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে হামলাকারীদের বহনকারী অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক মো. মহিউদ্দিন (৩১)কে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই দিনে র‌্যাব-৭, চট্টগ্রাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মামলার ঘটনায় জড়িত আরও ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া ৯ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির জেরে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

চকবাজার থানা সূত্রে আরও জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.