সীতাকুণ্ডে পৃথক তিন দুর্ঘটনায় নিহত ৩, বাস উল্টে আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশন এলাকা, বড় কুমিরার রয়েল গেট এবং সীতাকুণ্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন এবং অন্তত ছয়জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতরা হলেন রওশন আক্তার (৩৮), তাঁর ভাই মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, সকাল ৯টার দিকে বড় কুমিরার রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় মো. ইমন (২০) নামে এক তরুণ নিহত হন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. সালামের ছেলে। পুলিশ জানায়, ইমন সীতাকুণ্ডের একটি পুরাতন জাহাজভাঙা কারখানায় কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. শামীম।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের মীরবাড়ি এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পৃথক তিনটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.