ভয়াবহ বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৩ জুলাই সোমবার ১৫ জুলাই বুধবার এবং ১৬ জুলাই বৃহস্পতিবার সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে
চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।
এদিকে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরবর্তী নির্দেশনার জন্য সরকারি বিজ্ঞপ্তির প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.