বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শিশু আরেফিন, ১৮ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পার হলেও এখনো ১১ বছর বয়সী শিশু মো. আরেফিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ আরেফিন বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকার সাতকানিয়া হোটেলের মালিক এনামুল হকের ছেলে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের বালাঘাটা এলাকায় সাঙ্গু নদীর তীরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে নদীর চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় আরেফিন। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশি কার্যক্রমে অংশ নেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়েছে এবং তারা অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছে।

শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের আশা, দ্রুততম সময়ের মধ্যে আরেফিনের সন্ধান পাওয়া যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.