ফেনীতে র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার, পালাল মাদক কারবারীরা
ফেনী সদর উপজেলার হাজারী রোড এলাকায় মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারী ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাজারী রোড এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছামাত্র মাদক কারবারীরা একটি খাকি রঙের কার্টন ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কার্টনের কোনো মালিক পাওয়া যায়নি। তল্লাশির একপর্যায়ে কার্টনের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো পাঁচটি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলে মোট ১৪ কেজি গাঁজা ছিল।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.