সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড ১.৪৪ লাখ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, বাজেট ৯.৩৮ লাখ কোটি টাকা
দেশের দরিদ্র, পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দকৃত ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বৃদ্ধি করে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সরকারের লক্ষ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করা।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। একই সঙ্গে পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।
সরকারের আশা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.