আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়ক উন্নয়ন প্রকল্পে একনেকের অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এমপি জহিরুল ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এ প্রকল্পের অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সড়কের উভয় পাশে ৩৫ ফুট করে মোট ৭০ ফুট জায়গা অধিগ্রহণ করা হবে। এর মাধ্যমে আনোয়ারা থেকে চকরিয়া পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি বাঁশখালীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বাঁশখালীবাসীর প্রাণের দাবি ছিল এ সড়কের উন্নয়ন। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.