শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৭ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় উভয় আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদায়কৃত অর্থ ভুক্তভোগী পরিবারের আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালত আরও বলেন, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ আদায় করা হবে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদন দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে মাত্র ১৬ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.