কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজ (শাহ আমানত সেতু) এলাকার প্রথম সিঁড়ির কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তাঁর পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাঁদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিধান মল্লিক ও তাঁর বাবা দুর্গাপদ মল্লিক। পথে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এতে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আনা বিধান মল্লিককে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.