পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ১ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানাধীন ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় থাকা দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
তবে অভিযানে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জ্বালানি তেল ও বোট দুটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.