চট্টগ্রামে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি ২৬ : মৃত্যু ১

চট্টগ্রামে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ছয় মাসের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি কক্সবাজার থেকে আনা হয়েছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে শিশুটিকে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেলেও এখনো নিশ্চিতভাবে হাম ছিল কি না তা বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৭ জনের শরীরে হামের সংক্রমণ এবং ১ জনের মধ্যে রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সময়ে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সন্দেহভাজন ৭৫ জন রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন সন্দেহভাজন রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও জেলার ১৫টি উপজেলায় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট ৫৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার এনপিএমএল ও আইপিএইচ থেকে পাওয়া ল্যাব রিপোর্টে ৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ৬ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে ১৬টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে—এর মধ্যে ৬টি নগর থেকে এবং ১০টি উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ৯১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং কিছু শিশু টিকা না পাওয়ায় হামের সংক্রমণ আবার বাড়তে পারে। চলতি মাসেই দেশে হামে ৫০টির বেশি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.