সাগরিকার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, ৮ ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের মোট ৮টি ইউনিট কাজ করে।
রোববার (২৯ মার্চ) দুপুরে বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে এ আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী ফায়ার স্টেশনগুলোর ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। পরে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। কোল্ড স্টোরেজটিতে ২ হাজার টনের বেশি মাছ সংরক্ষিত ছিল।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে—মাছের কার্টন সরিয়ে আনা, ধোঁয়া অপসারণ এবং ভেতরের ঠাণ্ডার মাত্রা কমানো। প্রয়োজন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেয়াল ভেঙে ফেলার কথাও জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.