সংবিধান সংস্কারে জনগণের প্রত্যাশা ও জুলাই সনদকে প্রাধান্য: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শনিবার রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমী-এ ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবিধানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নাম স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে এবং সেখানে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বীকৃত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংশোধনী খসড়া প্রস্তুত করা হবে। পরে জাতীয় সংসদে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের মাধ্যমে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। এই ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয়, এটি দায়িত্ব, ত্যাগ ও সেবার প্রতীক।” তিনি সততা, সাহস ও মানবিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.