জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ -এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই, রোববার ঢাকায় জানাজা
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার দিকে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় মরহুমার মরদেহ দেশে আনা হবে। একইদিন সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পবিত্র ঈদুল ফিতরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.