জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় ২০ আসামি গ্রেফতার
বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও জেলা পুলিশ।
জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলার নম্বর-২৪, তারিখ ২২ জানুয়ারি ২০২৬; পেনাল কোড ১৮৬০ এর একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়।
পরবর্তীতে ধারাবাহিক অভিযানে র্যাব-৭, চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সর্বশেষ ২৭ মার্চ পৃথক অভিযানে নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এর আগে বিভিন্ন সময়ে সীতাকুণ্ড, ফৌজদারহাট, চাঁদগাঁও, খুলশী, আকবরশাহ, পতেঙ্গা এবং কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.