ডিম নিক্ষেপের ঘটনা: সাবেক জেনারেল মাসুদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা প্রতিবেদক:

মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধদের ডিম নিক্ষেপের ঘটনায় তার বুলেটপ্রুফ জ্যাকেট ভিজে যায়।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তাকে উপস্থাপন করা হলে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলার ১০১ আসামির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে তিন নম্বরে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে অভিযোগ করেন, বিদেশে লোক পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং এই টাকার লেনদেন ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘মাইনাস টু’ ফর্মুলার নামে জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. শাহীন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কিছু আইনজীবী ও বিক্ষুব্ধ ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.