শাহ আমানত বিমানবন্দরে মাস্কাটফেরত যাত্রীর ব্যাগেজে ৩০০ কার্টন সিগারেট উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট OV-401-এ আগত যাত্রী আতিকুর রহমানের লাগেজ তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জব্দকৃত চালান ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.