ঈদযাত্রা নিরাপদে রাখতে চট্টগ্রামে মহাসড়কে পুলিশের কড়া নজরদারি, সরেজমিনে তদারকিতে পুলিশ সুপার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে নিরাপত্তা ডিউটি কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন জেলা পুলিশ সুপার।

আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন মহাসড়ক ও থানা এলাকায় পুলিশের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ—পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় অবস্থান করে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সাথেও মতবিনিময় করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।”

পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের তৎপরতা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.