শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান: আবুধাবি থেকে আসা ফ্লাইটে ৯১০ কার্টন সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।
বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কাস্টমস শাখার সমন্বিত অভিযানে গতকাল সকাল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ফ্লাইট BS-350 এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ৯১০ কার্টন (মন্ড) সিগারেট এবং ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট থেকে আনুমানিক ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায়যোগ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পণ্য বহনের সঙ্গে জড়িত তিন যাত্রী হলেন—
১) মোহাম্মদ সোহেল (পাসপোর্ট নং EL-0115826), ঠিকানা: ফটিকছড়ি, চট্টগ্রাম।
২) মোহাম্মদ উল্যাহ (পাসপোর্ট নং A18734593), ঠিকানা: চকরিয়া, কক্সবাজার।
৩) মোহাম্মদ সাজ্জাদ হোসেন (পাসপোর্ট নং EK-10371954), ঠিকানা: চট্টগ্রাম।
কাস্টমস সূত্র জানায়, আটককৃত সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (DM) মূল্যে জব্দ করা হয়েছে এবং তা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত যাত্রীদের বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.