টেকনাফে কোস্ট গার্ড–র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারচেষ্টা ভেস্তে গেল, নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাব এর যৌথ দল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়—সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদামঘরে আটকে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.