ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তারেক রহমান
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সামনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ফলাফল এবং দলীয় অবস্থান তুলে ধরবেন দলের চেয়ারম্যান।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা-সমালোচনা চলছে, তার প্রেক্ষাপটে বিএনপির এই সংবাদ সম্মেলন নতুন রাজনৈতিক বার্তা ও কৌশল নির্ধারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.