মিথ্যা অভিযোগে ৯৯৯-এ ফোন, চাঁদগাঁওয়ে যুবক আটক

চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন নাসির মোহাম্মদ চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে বিএনপির লোকজন ভোট নিচ্ছেন—এমন অভিযোগে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার দায়ে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার নির্বাচনী দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হলে স্থানীয় যুবক ইস্তিয়াক মুনতাসির চৌধুরী তুহিনকে আটক করা হয়।

পরে তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকে ঘিরে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সবার প্রতি দায়িত্বশীল আচরণ ও যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.