ভোটের পরদিন বিকেলেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা সম্ভব: ইসি আনোয়ারুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ভোটগ্রহণের পরদিনই, অর্থাৎ আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে দ্রুত তথ্য সংগ্রহ ও ফল প্রস্তুত করা যাবে। দুর্গম কিছু এলাকায় যাতায়াতজনিত কারণে সামান্য বিলম্ব হতে পারে, তবে তিন দিন অপেক্ষার কোনো প্রয়োজন হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
ইসি আনোয়ারুল বলেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ বেশি শান্তিপূর্ণ ও অনুকূল। নির্বাচন নিয়ে জনমনে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে উল্লেখ করে তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। তারা রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবে। প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রীয় সেলে তথ্য পাঠানো হবে।
প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ থাকা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে কমিশনের অধীনে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ সার্বক্ষণিক কাজ করবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দেন, ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন ইসি আনোয়ারুল।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং দ্রুততম সময়ে ফলাফল জাতির সামনে প্রকাশ করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.