ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা: ৯ দফা প্রতিশ্রুতিতে ‘নতুন সামাজিক চুক্তি’র অঙ্গীকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে দেশের অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, যুব উন্নয়ন, ক্রীড়া, পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি ও ডিজিটাল সংযোগ—এই নয়টি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহারের প্রথম প্রতিশ্রুতিতে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

কৃষি খাতে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর আওতায় ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণের সুযোগ পাবেন কৃষকরা। পাশাপাশি মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

স্বাস্থ্য খাতে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা সেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও কর্মমুখী করতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং “মিড-ডে মিল” চালুর প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।

তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর ঘোষণা দেওয়া হয়।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।

এছাড়া ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং “মেড ইন বাংলাদেশ” পণ্যের রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়।

ইশতেহারে উল্লেখ করা হয়, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতির দলিল নয়—বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই দলের রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়—উৎপাদন, ভয় নয়—অধিকার, বৈষম্য নয়—ন্যায্যতার নীতিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.