তরুণদের কথা না শুনে দেশ গড়া যাবে না: ইউথ টকে আমির খসরু

তরুণদের মনের কথা জানতে হবে, তাদের কথা শুনতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড থানার আকবর আলী রোডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজন “ইউথ টক” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে আমির খসরু সরাসরি তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভাবনা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

আমির খসরু বলেন, “তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো, তরুণদের নিয়ে পলিসি করবো—কিন্তু তরুণদের মনের কথা শুনবো না, এটা তো হতে পারে না। আমাদের তরুণরা কী ভাবছে, তাদের চাহিদা কী, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারি—এগুলো জানা খুবই জরুরি। আজকের এই আয়োজন থেকে আমিও অনেক কিছু শিখে গেলাম।”

তিনি আরও বলেন, “দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে। সবার কথা শুনতে হবে, বুঝতে হবে। আমরা ভবিষ্যতে ভিন্ন ভিন্ন ফরম্যাটে তরুণদের পাশাপাশি নাগরিকদের কথাও শুনবো। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কীভাবে? এটা অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতি, খেলাধুলা, সংস্কৃতি—সবকিছুকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।”

তানভীর আহমেদ ও সুমনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশার তরুণ পেশাজীবীরা।

অনুষ্ঠান শেষে আমির খসরু নিউমুরিং, পোর্ট কলোনি ও ইস্ট কলোনি এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, “দেশ যখনই সংকটে পড়েছে, যে কোনো ক্রান্তিলগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে সংকট উত্তরণে ভূমিকা রেখেছে।”

এর আগে তিনি ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের বেগম জান স্কুল মাঠে আয়োজিত একটি ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা শেখ নুরুল্লাহ বাহার, মো. সেলিম, কামাল উদ্দিন, হাসান মুরাদ, হাজী হোসেন, শাহাবুদ্দিন সাবু, মো. আজমসহ আরও অনেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.