প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফল করতে সমন্বিত প্রস্তুতির আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ এর চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

মেয়র জানান, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে এবং জাতীয় এ আয়োজন সফল করা সবার দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং স্টেডিয়াম পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিমানবন্দর সড়কের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা হচ্ছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া লালখান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ফুলের গাছ লাগানো এবং ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচার অপসারণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরীর যানজট কমাতে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভ্রাম্যমাণ দোকান এবং সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। নির্ধারিত সময়ের মধ্যে এসব অপসারণ না হলে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন মেয়র। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীন ৭৮টি স্কুল, ২৮টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযুক্ত বয়সী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই এ জাতীয় আয়োজন সফল করার মাধ্যমে চট্টগ্রামে ক্রীড়াবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।

সভায় উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা, শিক্ষার্থীদের অংশগ্রহণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.