টিসিজেএ’র প্রীতি ফুটবলে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকদের জয়

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল সমর্থক দল।

জমকালো এ আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। ম্যাচের শুরুতে চরণ টিপুর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে অনিক বিশ্বাসের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে ব্রাজিল আবারও এগিয়ে গেলেও সুমন গোস্বামীর গোল আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর সাডেন ডেথে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন।

ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।

এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারীসহ স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝেও এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.