রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান ও আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনক্ষণ স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণ করা হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নাকি একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, সে অনুযায়ী প্রক্রিয়াও ভিন্ন হবে।

তিনি জানান, বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এখনো কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। সময় নির্ধারণ হলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে তা জানিয়ে দেবে।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হলে তা জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আর একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের প্রস্তুতি চলছে।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে সিইসি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং দ্রুত তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনে সুস্পষ্ট বিধান রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.