চুক্তিভিত্তিক নিয়োগে নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনপি জোটের নিরস্কুশ বিজয়ের পর গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। প্রেস উইং জানায়, ড. শেখ আব্দুর রশীদ প্রধান উপদেষ্টার কাছে অব্যাহতির আবেদন করেছিলেন। এর দুই দিনের মাথায় ড. নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ড. নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল ষষ্ঠ।

১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি-এ সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সহকারী পরিচালক, উপপরিচালক ও যুগ্মপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পান এবং ১৯৯১ সালে ভূমি মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বদলি হন। পরে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। ২০০৭ সালে নিপোর্টের মহাপরিচালক হন। ২০০৯ সালে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে অবসর প্রদান করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।

ড. নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কৃতি শিক্ষার্থী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.