ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা, ৪১ দফায় রাষ্ট্র সংস্কারের রূপরেখা
নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জনতার ইশতেহার’ নামে ঘোষিত এই ইশতেহারে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর কল্যাণ, আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারে মোট ৪১ দফার মধ্যে ২৬টি বিষয়কে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন রাষ্ট্র গঠন, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যুব ও নারীর ক্ষমতায়ন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ রাষ্ট্র গড়া এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
এছাড়া প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ গঠন, সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন ও মেধাভিত্তিক নিয়োগ, ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার, সমানুপাতিক (পিআর) পদ্ধতিসহ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিচার এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে কৃষি, শিল্প ও কর্মসংস্থানে বিপ্লব, ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা, এসএমই ও ভারী শিল্পের বিকাশ, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসীদের ভোটাধিকার, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের কথাও উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, স্বল্পমূল্যের আবাসন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধে বিচার ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে।
সবশেষে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয় জামায়াতে ইসলামীর ঘোষিত ‘জনতার ইশতেহার’-এ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.