ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল, শোক জানালেন মির্জা ফখরুলসহ বিভিন্ন মহল

১১

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ৯টায় ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

খাদিজা বেগমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে বহন করার তাওফিক কামনা করেন তারা।

খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খাদিজা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও খাদিজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাত নসিবের দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

পৃথক শোকবার্তায় খাদিজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি মরহুমা খাদিজা বেগমকে একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।

এদিকে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের সভাপতি রতন কান্তি দেবাশীষ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জামান এক বিবৃতিতে খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.