আনোয়ারায় ইয়াবা সেবনের সময় ব্যক্তি আটক, ১৫ দিনের কারাদণ্ড
চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবনের সময় মো. সেলিম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে মো. সেলিমকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.