মেধা বিকাশে বৃত্তি ও প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম: এডভোকেট মঈনুদ্দীন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন বলেছেন, শিশুদের মেধা ও মননের বিকাশে মেধাবৃত্তিসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের যে বিষয়ে আগ্রহ ও প্রতিভা বেশি, সেই ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।
তিনি বলেন, ‘পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ক্ষেত্র আরও প্রসারিত করতে হবে। শিশুরা যে কাজ করতে বেশি পছন্দ করে, তাদের প্রতিভা যেন সেই দিকেই বিকশিত করতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করে দিতে হবে।’
শুক্রবার রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গুনিয়ার মজুমদার খিল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী ইমাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইকবাল হোসেন, রাজু বড়ুয়া ও এডভোকেট অলি আহমদ।
অনুষ্ঠানে মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.