মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো, গড়বে সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র

বাংলাদেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, সম্ভাবনাময় বাজার এবং শক্তিশালী রপ্তানি সক্ষমতাকে বিবেচনায় নিয়েই স্থানীয়ভাবে উৎপাদন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তুরস্ক থেকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশে উৎপাদন শুরু হলে আরও নতুন বৈশ্বিক ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হবে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর ফলে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে এবং স্থানীয় শিল্পখাত প্রযুক্তি ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবে।

সানকোর পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হবে। নির্মাণ শুরুর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। তারা আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি ও কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থাপনা ব্যবহার করা হবে।

সানকোর মতে, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য উৎপাদন বৃদ্ধি এবং নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরে সানকোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.