চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

চট্টগ্রাম: নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই) সকালে মুখে মাস্ক পরা একদল সন্ত্রাসী ভবনটিতে হামলা চালিয়ে নির্মাণশ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় ঘটে।

নির্মাণাধীন ভবনের মালিক, হাটহাজারীর বড় দীঘিরপাড় এলাকার পাইকারি চাল ও চিনির ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছিলেন। সম্প্রতি কিছুদিন ফোনকল বন্ধ থাকলেও গত এক সপ্তাহ ধরে আবারও চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, শুধু এই ভবন নয়, আশপাশের আরও কয়েকটি নির্মাণাধীন ভবনেও চাঁদা দাবি করা হয়েছে। এলাকায় নীরবে বড় অঙ্কের চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সিসিটিভি ফুটেজে হামলার ঘটনা দেখা গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের এলাকায় চাঁদা দাবির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই নগরের চকবাজার অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনাতেও মামলা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে নগরের এক শিল্পপতির বাসার সামনেও সশস্ত্র মহড়ার ঘটনা আলোচনায় আসে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.