রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু

রাঙ্গামাটি, ২৫ জুলাই: রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ইসলাম স্থানীয়ভাবে নেশাগ্রস্ত হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা সাকিবুল ইসলামকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.