শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ২০২৬ সালের হেনলি পাসপোর্ট সূচক প্রকাশ করে। সূচকে ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি। তবে র‌্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ নয়, তিন ধাপ এগিয়ে ১০০তম থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে।

গত কয়েক বছরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত; এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান। ১৮৭টি গন্তব্যে প্রবেশের সুযোগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত দুই দশকে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ভূরাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের কারণে দেশভেদে ভ্রমণ সুবিধার বৈষম্য আরও বেড়েছে। বর্তমানে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা যেখানে ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, সেখানে আফগানিস্তানের পাসপোর্টধারীদের জন্য সেই সুযোগ সীমাবদ্ধ মাত্র ২২টি গন্তব্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.