চট্টগ্রাম বন্দরের সিসিটিতে বড় গাছ নামানোর সময় দুর্ঘটনা,হতাহতের ঘটনা নেই
চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ জেটিতে অপারেশনাল দুর্ঘটনা, হতাহতের ঘটনা নেই
চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর জেটিতে কনটেইনার খালাসের সময় একটি অপারেশনাল দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, ‘চাং হাই’ নামের একটি জাহাজ থেকে কি গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-৪) এর মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে যায়। এতে কনটেইনারটি ক্রেনের বিমের ওপর পড়ে গিয়ে ক্রেন ও কনটেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনার ফলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনার নিরাপদে অপসারণ এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে কিউজিসি-৪ ক্রেনের মেরামত কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, সিসিটি-৩-এর দুর্ঘটনাকবলিত নির্দিষ্ট স্পট ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এর আগে বন্দরের একটি সূত্র জানায়, ভারী মালামাল খালাসের সময় ক্রেনের একটি ওয়্যার ছিঁড়ে নিচে থাকা একটি প্রাইম মুভার (লরি) ক্ষতিগ্রস্ত হয়। তবে পরে বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যে কনটেইনার খালাসের সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.