Recover your password.
A password will be e-mailed to you.
বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ আরও ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে বরযাত্রী কনেকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাত মাস বয়সী জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.