চট্টগ্রামে ইতালিয়ান টেক্সটাইল-মেশিনারিজ ওয়ার্কশপ: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ইতালিয়ান কোম্পানিগুলো
চট্টগ্রাম: ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। এ অবস্থায় বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্যের বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইস্পাহানী গ্রুপের সহায়তায় আয়োজিত ইতালিয়ান টেক্সটাইল-মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতালির অনারারি কনসাল ও ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব, এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএর পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএর মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি, সিনজিয়া ক্যাম্পানিলে এবং চিটাগাং চেম্বারের ইতালি ও বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল সেক্টরের প্রতিনিধিরা।
ইতালির রাষ্ট্রদূত আরও বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্যের বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে প্রস্তুত।
চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন এবং মাতারবাড়ীতেও হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। চট্টগ্রামের এসব সুবিধা কাজে লাগিয়ে ইতালিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ফ্রি ট্রেড জোনে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে সব ধরনের লাইসেন্স প্রাপ্তির সুযোগ থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সহজেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন।
ওয়ার্কশপে ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী বলেন, টেক্সটাইল খাতে ইতালিয়ান মেশিনারিজের ব্যাপক চাহিদা রয়েছে। এ ধরনের বি-টু-বি আলোচনার মাধ্যমে ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
ওয়ার্কশপে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের পণ্য ও সেবার বিভিন্ন দিক উপস্থাপন করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.